কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলা যুবক আটক

এশিয়া পোস্ট নিউজ, নরসিংদী
কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলা যুবক আটক
কুকুরের গলায় ইট বেঁধে সেতুর ওপর থেকে মেঘনার শাখা নদীতে নিক্ষেপ করেন মোহাম্মদ আলী নামে এক যুবক। ছবি: ভিডিও থেকে নেওয়া

নরসিংদীতে একটি কুকুরের গলায় রশিতে ইট বেঁধে সেতুর ওপর থেকে মেঘনার শাখা নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে তাকে আটক করা হয় বলে জানান নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন।

আটক মোহাম্মদ আলী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।

ওসি জানান, একটি কুকুরের গলায় রশিতে ইট বেঁধে নরসিংদীর নাগরিয়াকান্দির সেতুর ওপর থেকে মেঘনার শাখা নদীতে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নরসিংদী জেলা পুলিশের নজরে আসে এবং নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে খালি গায়ে থাকা মোহাম্মদ আলীকে নাগরিয়াকান্দি এলাকা থেকে আটক করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।