Advertisement

মাদকের নেশায় বাবাকে হাতুড়িপেটা করে জেলে গেলেন ছেলে

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
মাদকের নেশায় বাবাকে হাতুড়িপেটা করে জেলে গেলেন ছেলে
দণ্ডপ্রাপ্ত নাহিদ মিয়া। ছবি: এশিয়া পোস্ট

জামালপুরের বকশীগঞ্জে মাদকের নেশায় বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আহত বাবা নিজে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নাহিদ মিয়া উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রবাজ গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রবাজ গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানীর ছেলে নাহিদ মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এর জেরে প্রায়ই তিনি পরিবারে অশান্তি সৃষ্টি করতেন। ঘটনার দিন সকালে নেশাগ্রস্ত অবস্থায় তিনি তার বাবা গোলাম রাব্বানীর ওপর চড়াও হন এবং একপর্যায়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন।

বাবা গোলাম রাব্বানী বলেন, মাদকের নেশায় সে আমাদের ওপর নিয়মিত অত্যাচার চালাত। প্রায়ই অশান্তি করত। বৃহস্পতিবার সকালেও নেশা করে আমাকে মারধর করেছে। আর সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাহিদ মিয়াকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।