logo

মেয়ের জন্মদিনের কেক কিনতে যাওয়ার পথে বাসচাপায় বাবা নিহত

মেয়ের জন্মদিনের কেক কিনতে যাওয়ার পথে বাসচাপায় বাবা নিহত
নিহত আল-আমিন। ছবি : এশিয়া পোস্ট

চাঁদপুরের শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে যাওয়ার পথে বাসের চাপায় মোটরসাইকেলচালক আল-আমিন (৪০) নামে এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদবাড়ির আব্দুল মান্নানের ছেলে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার মৌতাবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে চালক আল-আমিন ও অপর আরোহী হৃদয় (১৯) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয়কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোরাদ জানান, হাসপাতালে আনার আগেই আল-আমিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। হাজীগঞ্জ থানার পক্ষ থেকে শাহরাস্তি থানা-পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহতের খালাতো ভাই বাহারউদ্দিন জানান, আল-আমিন সৌদিপ্রবাসী এবং তার একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের জন্মদিনের কেক কিনতে হাজীগঞ্জে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আগামী রোববার সকালে তার পুনরায় সৌদিতে ফিরে যাওয়ার কথা ছিল।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।