বক্তব্যের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী হাবিব

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব একটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তঘেঁষা চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভায় বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
জানা গেছে, হাবিবুল ইসলাম হাবিব মঙ্গলবার রাত থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বুধবার সকালেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তবে চন্দনপুরে আয়োজিত নির্বাচনি জনসভায় মানুষের ব্যাপক উপস্থিতি থাকায় অসুস্থতা সত্ত্বেও তিনি সেখানে যোগ দেন।
জনসভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাকে মঞ্চ থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সাতক্ষীরা ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জনসভাস্থলে কিছু সময়ের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।