৬০ হাজার টাকার মোবাইলের জন্য মাদক পাচার করছিলেন স্বপ্না

যশোরে একটি যাত্রীবাহী বাস থেকে ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরির কাঁচামাল বহনের অভিযোগে এক তরুণীকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনের বিনিময়ে ওই কাঁচামাল চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন।
শুক্রবার (১৩ মার্চ) কোতোয়ালি থানায় মাদকদ্রব্য আইনে ওই তরুণীর নামে মামলা করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার হওয়া ওই তরুণী নাম শাপলা খাতুন স্বপ্না (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে আটটার দিকে যশোর শহরের মণিহার এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের লাগেজ বক্স থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে থাকা তিনটি প্যাকেট খুলে ছোট ছোট আরও ২৫টি প্যাকেট পাওয়া যায়। এ ঘটনায় শাপলা খাতুন স্বপ্নাকে আটক করা হয়।
যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) অলোক কুমার দে বলেন, প্রথম দিকে ওই তরুণী প্যাকেটে কী রয়েছে সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে অধিকতর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, এগুলো ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল।
পুলিশ জানায়, উদ্ধার করা প্যাকেটগুলোর মধ্যে প্রায় ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) রয়েছে।
জিজ্ঞাসাবাদে স্বপ্না পুলিশকে জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি তাকে এসব কাঁচামাল চট্টগ্রামের অলংকার মোড়ে পৌঁছে দিতে বলেন। এর বিনিময়ে তাকে ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন দেওয়ার কথা ছিল।
এ বিষয়ে ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চট্টগ্রামের একটি কারখানায় ক্রিস্টাল আইস নামে উচ্চমাত্রার নেশাজাতীয় মাদক তৈরি করা হয়। সেখান থেকে তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এ ঘটনায় শাপলা খাতুন স্বপ্না ও আজমল হোসেন লাল্টুর নামে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে স্বপ্নাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর আজমল হোসেন লাল্টুকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।