logo
Advertisement

ট্যাংকলরিতে মাদক পাচার, নরসিংদীতে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,নরসিংদী
ট্যাংকলরিতে মাদক পাচার, নরসিংদীতে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
ট্যাংকলরিতে পাচার হচ্ছিল মাদক। বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী উপজেলা থেকে ট্যাংকলরিটি জব্দ করা হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

নরসিংদীর মনোহরদী উপজেলায় জ্বালানির ট্যাংক লরিতে লুকিয়ে রাখা ৯২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মনোহরদী থানাধীন মইষাকান্দি এলাকায় অভিযান চালিয়ে এ মাদকের চালান জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানার শ্রীধরপুর এলাকার বাসিন্দা মো. আমির আলী এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকার ট্রাকচালক মো. আলাল খন্দকার ও তার সহকারী একই এলাকার মো. মনির হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, সিলেট ও হবিগঞ্জ থেকে একটি বড় মাদকের চালান ট্যাংক লরিতে করে নরসিংদী হয়ে ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে–এমন গোপন তথ্য পায় র‍্যাব। এ তথ্যের ভিত্তিতে মইষাকান্দি এলাকার আবুল কালামের মুদি দোকানের সামনে অবস্থান নেয় র‌্যাব। সন্দেহভাজন একটি ট্যাংক লরি থামিয়ে তল্লাশি চালিয়ে লরির ভেতর থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মাদক পরিবহনে ব্যবহৃত ট্যাংক লরিসহ আসামিদের কাছ থেকে তিনটি ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে সংশ্লিষ্ট ধারায় মামলা মনোহরদী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।