logo

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ১৫০ টন বিপজ্জনক রাসায়নিক সরানো শুরু

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ১৫০ টন বিপজ্জনক রাসায়নিক সরানো শুরু
চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ১৫০ টন বিপজ্জনক রাসায়নিক সরানো শুরু হয়েছে। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা ও কনটেইনার জট নিরসনে দীর্ঘদিন ধরে জমে থাকা ১৫০ দশমিক ৮৯ টন বিপজ্জনক রাসায়নিক সরিয়ে নেওয়া শুরু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে কাস্টমস হাউস চট্টগ্রাম বন্দরের পচে যাওয়া ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যালবাহী ৯টি কনটেইনার অপসারণের এ কার্যক্রম শুরু করে।

কঠোর পুলিশি নিরাপত্তায় কনটেইনারগুলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় নেওয়া হচ্ছে। সেখানে ওয়াটা কেমিক্যালস লিমিটেডের মাধ্যমে পরিবেশবান্ধব ও নিয়মানুগ প্রক্রিয়ায় এসব রাসায়নিক ধ্বংস করা হবে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাসেল আহমেদ জানান, ২০০৩ সাল থেকে বন্দরে পড়ে থাকা এসব রাসায়নিকের মধ্যে রয়েছে ২৫ দশমিক ৫৫ টন সালফিউরিক অ্যাসিড, ৫০০ কেজি নাইট্রিক অ্যাসিড, ৯২ দশমিক ৫৪ টন মিথানল এবং ৩২ দশমিক ৩০ টন থিনার। এর মধ্যে এক কনটেইনারে ২৫ দশমিক ৫৫ টন সালফিউরিক অ্যাসিড, এক কনটেইনারে ৫০০ কেজি নাইট্রিক অ্যাসিড, পাঁচ কনটেইনারে ৯২ দশমিক ৫৪ টন মিথানল এবং দুটি কনটেইনারে ৩২ দশমিক ৩০ টন থিনার রয়েছে।

রাসায়নিক অস্ত্র কনভেনশনের বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের (বিএনএসিডব্লিউসি) সুপারিশ এবং চট্টগ্রাম কাস্টমসের ধ্বংস কমিটির উদ্যোগে এসব রাসায়নিক অপসারণ করা হচ্ছে।

কার্যক্রমে যৌথভাবে সহায়তা করছে বিএনএসিডব্লিউসি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিজিবি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও আনসার ব্যাটালিয়ন।