কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার লাগানোর সময় যুবক আটক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার লাগানোর সময় লিটন মন্ডল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
আটক লিটন মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার নির্মল মন্ডলের ছেলে।
পোস্টারটিতে ‘জয় বাংলা’, ‘আল্লাহ সর্বশক্তিমান’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনূস গংয়ের ফাঁসি চাই’ লেখা রয়েছে। এতে ড. মুহাম্মদ ইউনূসসহ কয়েকজনের ছবি এবং ফাঁসির দড়ির প্রতীকী ছবিও ব্যবহার করা হয়েছে। পোস্টারের নিচে ‘জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ’ লেখা রয়েছে।
পুলিশ জানায়, পোস্টার লাগানোর সময় কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ লিটন মন্ডলকে আটক করেন। এসময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। তবে পোস্টারটি কারা তৈরি করেছে, কার নির্দেশে তা লাগানো হচ্ছিল এবং ওই যুবকের কাছে ছুরি থাকার কারণ কী এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ এশিয়া পোস্টকে বলেন, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
