logo

বিএনপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

বিএনপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশীদের ছেলে রুবাইত ইবনে হারুন রাফির বিরুদ্ধে এক জামায়াত নেতাকে মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে রাতে জেলা শহরের নতুনহাট মোড়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। এ সময় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দেন দলটির নেতারা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা জানান, রোববার (২৫ জানুয়ারি) এশার পর রাত পৌনে ৮টার দিকে জেলা শহরের মেনিপাড়া এলাকায় জামায়াতের একটি প্রচার মিছিল যাওয়ার সময় বিপরীত দিকে থেকে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের গাড়ি আসছিল। এ সময় গাড়িটি নির্বিঘ্নে পার করে দেওয়ার জন্য মিছিল নিয়ন্ত্রণ করছিলেন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি আজিজুল হক নুর। তখন বিএনপি প্রার্থীর ছেলে রুবাইত ইবনে হারুন রাফি গাড়ি থেকে নেমে আজিজুল হক নুরের কলার ধরে মারধর করেন এবং তাকে প্রায় ২০ থেকে ২৫ সেকেন্ড গলা চেপে ধরে শূন্যে ঝুলিয়ে রাখেন বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। পরে জামায়াতের নেতাকর্মীরা এগিয়ে গেলে হারুনুর রশীদ ও তার ছেলে ঘটনাস্থল ত্যাগ করেন।

জামায়াত নেতা আজিজুল হক নুর এশিয়া পোস্টকে বলেন, মেনিপাড়া এলাকায় জামায়াতের একটি প্রচার মিছিলের সামনে পড়ে ধানের শীষের প্রার্থী হারুনের গাড়ি। প্রটোকল দিয়ে গাড়িটি পার করে দিই। আমি মিছিলের একেবারে শেষে ছিলাম। তখন হারুনের ছেলে গাড়ি থেকে নেমে চারজন মিলে আমাকে ঘিরে ধরে গলা চেপে ধরে ২০ থেকে ২৫ সেকেন্ড শূন্যে ঝুলিয়ে রাখে। আমাদের লোকজন দ্রুত গিয়ে আমাকে উদ্ধার করে। পরে উত্তেজনা ছড়াতে চাইলে আমি নিজেই সবাইকে শান্ত করি। তারপরও তারা চিল্লাচিল্লি করে।

তবে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদের অভিযোগ, জামায়াতের মিছিলের কিছু লোকজন তার গাড়িতে আঘাত করে পোস্টার ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছিল। এ সময় দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছে। হাতাহাতির ঘটনা ঘটেনি।

বিষয়টি নিয়ে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের ছেলে রুবাইত ইবনে হারুন রাফি এশিয়া পোস্টকে বলেন, তারা আমার গাড়িতে আঘাত করে। এরপর আমি বের হয়ে তার সামনে গিয়ে শুধু তার মুখের থুঁতনিতে হাত দিয়ে মুখটা চেপে ধরে জিজ্ঞেস করি— আমি রাফি এখানে উপস্থিত, তুমি মারবা, হামলা করবা, নাকি কী করবা তা আমাকে একটু বোঝাও। তিনি কোনো উত্তর না দেওয়ায় আমরা চলে আসি।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি) নুরে আলম এশিয়া পোস্টকে জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।