logo

রাঙামাটিতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশ

রাঙামাটিতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশ

রাঙামাটি জেলায় সব ধরনের শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা পরিহার এবং নির্ধারিত সময়ের মধ্যে বিলবোর্ডের বাতি নিভিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন সহকারী কমিশনার সৈয়দ আবু হুরারিয়া আদর।

পত্রে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৭ শাখার ৮ এপ্রিল ২০২৬ তারিখের স্মারকের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সব শপিংমল, বাজার ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। কোনো দোকান বা বিপণিবিতানে অতিরিক্ত আলোকসজ্জা করা যাবে না। পাশাপাশি সড়কের পাশে থাকা বিলবোর্ডের বাতিও নির্ধারিত সময়ের মধ্যে নিভিয়ে ফেলতে হবে।

এ ছাড়া চলমান বা অনুমোদিত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। অনুমোদনহীন বা অবৈধ কোনো মেলা পরিচালনা করা যাবে না; এমন কার্যক্রম থাকলে তা অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ব্যবসায়ীরা এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, নির্দেশনার বিষয়ে ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে এবং ইতিমধ্যে সন্ধ্যার পর দোকান বন্ধ রাখা হচ্ছে।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, দেশের সামগ্রিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত মেনে চলা সবার নাগরিক দায়িত্ব। তিনি সতর্ক করে বলেন, নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।