logo
Advertisement

বাগেরহাটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বোমা মেরে লাপাত্তা ডাকাতদল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,বাগেরহাট
বাগেরহাটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বোমা মেরে লাপাত্তা ডাকাতদল
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শনিবার সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে। ছবি: এশিয়া পোস্ট

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রেণুপোনা ব্যবসায়ী মাহাবুব মল্লিকের বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। ডাকাতদের হামলায় নারীসহ পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। লুটপাট শেষে ডাকাতদল দুটি বোমা নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার সাতশৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় গৃহকর্তা মাহাবুব মল্লিক, তার মা রিজিয়া বেগম এবং বোন রেহেনা মল্লিক আহত হন। তারা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মাহাবুব মল্লিকের বাড়ির লোহার গেটের তালা ভেঙে পাঁচ-ছয়জনের একটি দল ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও ভয়ভীতি দেখায়। ডাকাতরা মাহাবুব মল্লিকের স্ত্রীর গলা থেকে একটি স্বর্ণের চেনের অংশবিশেষ ছিঁড়ে নেয়। তার বোনের কাছ থেকে একটি ফোন কেড়ে নেয়। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় রাস্তায় এবং একটি বাড়িতে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাশেদুল ইসলাম রানা, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রজিউল্লাহ খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।