সুন্দরবনে ঝড়ের তাণ্ডবে সোমবার নৌকাডুবি, এখনো নিখোঁজ ৪

সুন্দরবনে মধু আহরণে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চারজন মৌয়ালকে জীবিত উদ্ধার করা হলেও পাঁচ দিন হয়ে গেলেও চারজন এখনো নিখোঁজ রয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ভাসতে ভাসতে মঙ্গলবার সন্ধ্যার দিকে তারা হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছালে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে স্টেশনে নিয়ে যান।
বন বিভাগ সূত্রে জানা যায়, বৈরি আবহাওয়ার মধ্যে মধু আহরণকালে মৌয়ালদের বহনকারী নৌকাটি আকস্মিক ঝড়ে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।
উদ্ধার হওয়া চার মৌয়াল হলেন— সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লোকালয়ে পাঠানো হয়েছে।
অন্যদিকে এখনো নিখোঁজ রয়েছেন চারজন। তারা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আকবর, ওলিউর রহমান, মিকাইল হোসেন ও ইকরামুল কবির।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ও রেঞ্জার ফজলুল হক জানান, গত ১ এপ্রিল বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে প্রবেশ করেছিলেন। সোমবার রাতে ঝড়ে নৌকাটি ডুবে গেলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। এখনো নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে বন বিভাগের পাশাপাশি স্থানীয় থানা, বাংলাদেশ কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অবহিত করা হয়েছে এবং যৌথভাবে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।