Advertisement

চট্টগ্রামের বহির্নোঙরে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

এশিয়া পোস্ট প্রতিবেদক
চট্টগ্রামের বহির্নোঙরে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে। এ ছাড়া জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

Advertisement

সোমবার (১০ আগস্ট) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি, রোববার (১০ আগস্ট) রাত ৩টার দিকে চট্টগ্রামের বহির্নোঙর এলাকায় ‘অপারেশন সমুদ্র প্রহরা’য় নিয়োজিত কোস্টগার্ডের জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকায় একটি সন্দেহজনক বোটের গতিবিধি নজরে আসে।

পরে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে ইয়াবা পাচারে ব্যবহৃত বোটসহ দুই মাদক কারবারিকেও আটক করা হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কোস্টগার্ড জানায়, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাদকের এই বড় চালানটি আটক করা সম্ভব হয়েছে।

কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘবদ্ধ চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

জব্দ করা ইয়াবা ও বোট এবং আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।