Advertisement

সিসিটিভিতে রশি হাতে গাছে ওঠার দৃশ্য, সকালে মিলল ঝুলন্ত মরদেহ

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
সিসিটিভিতে রশি হাতে গাছে ওঠার দৃশ্য, সকালে মিলল ঝুলন্ত মরদেহ
সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে রশি হাতে দেখা যাচ্ছে।

‎পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বনকোলা দোপপাড়া গ্রামে লিটন নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাস্থলের পাশের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় রশি হাতে তার গাছের দিকে যাওয়া ও গাছে ওঠার কিছু দৃশ্য ধারণ হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

‎সোমবার (২৭ জুলাই) বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে সকাল ১১ টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

‎তিনি ওই গ্রামের আব্দুর রউফের ছেলে। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পারিবারিক কলহে হয়ত আত্মহত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় ১০টার দিকে লিটন বাড়ি থেকে বের হন। পর দিন সকালে গ্রামের একটি গাছে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলের পাশের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় লিটনের রশি হাতে হেঁটে যাওয়া এবং একটি আম গাছে ওঠার কিছু দৃশ্য ধরা পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ ফুটেজটি পর্যালোচনা করছে।

‎পরিবারের লোকজন ময়নাতদন্ত না হওয়ার জন্য বিষয়টি নিয়ে মুখ না খুললেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তিনি কিছুদিন ধরে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। এজন্য তিনি এমনভাবে আত্মহত্যা করেছেন হয়ত।

‎সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) লালবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

‎তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। সোমবার রাতে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।