logo

চট্টগ্রামে এবার সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, দুই ঘণ্টা অবরুদ্ধ পুলিশ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামে এবার সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, দুই ঘণ্টা অবরুদ্ধ পুলিশ
প্রতীকী ছবি

চট্টগ্রাম এক দিনের মাথায় সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে উত্তর আগ্রাবাদের হাজীপাড়ায় ধর্ষণচেষ্টার সন্দেহভাজন যুবককে আটক করে মারধর করেন স্থানীয়রা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ক্ষুব্ধ জনতার তোপের মুখে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকতে হয়েছে ডবলমুরিং থানা পুলিশের সদস্যদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে সড়ক থেকে একটি নির্জন স্থানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সন্দেহভাজন যুবক। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে ক্ষুব্ধ জনতা সন্দেহভাজন যুবককে গণপিটুনি দেন।

খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ সেখানে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশু ও তার পরিবারের সঙ্গে পুলিশ কথা বলেছে। অভিযুক্তকে থানায় আনা হয়েছে।

তিনি বলেন, সেখানেও বাকলিয়ার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় পাঁচ বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্তকে আটক করতে যাওয়া পুলিশের সঙ্গে ক্ষুব্ধ জনতার দফায় দফায় সংঘর্ষ হয়।