logo
Advertisement

ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক

এশিয়া পোস্ট নিউজ, ঝালকাঠি
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
আটক দুই নারী। ছবি: এশিয়া পোস্ট

ঝালকাঠিতে বাংলাদেশি নাগরিক পরিচয়ে পাসপোর্ট আবেদন করতে এসে বিদেশি নাগরিক সন্দেহে এক নারী এবং তাকে সহযোগিতার অভিযোগে অপর এক নারীকে আটক করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—রুমি আক্তার (২১) ও জাফরিন আক্তার একা (২৪)। রুমি নিজেকে চট্টগ্রামের চান্দগাঁও নতুন ব্রিজ এলাকার এবং জাফরিন নিজেকে বরিশালের বাটিখানা এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন।

পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রুমি আক্তার নতুন পাসপোর্টের আবেদন জমা দিতে যান। এ সময় তার পরিচয় ও দাখিল করা কাগজপত্র যাচাইকালে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, যার জবাবে তার নাগরিকত্ব নিয়ে আরও ধোঁয়াশা তৈরি হয়। পরবর্তীতে পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগে তার সঙ্গে থাকা জাফরিন আক্তারকেও আটক করা হয়।

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শফিউল্লাহ জানান, রুমি আক্তারের পরিচয় ও কাগজপত্র যাচাইয়ের সময় সন্দেহজনক কিছু বিষয় নজরে আসে। জিজ্ঞাসাবাদে তার কথা ও কাগজপত্রে মিল না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয় এবং সঙ্গে থাকা অপর নারীকেও পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, পাসপোর্ট কার্যালয় থেকে খবর পেয়ে পুলিশ দুই নারীকে হেফাজতে নেয়। প্রাথমিকভাবে তাদের দেয়া তথ্য ও দাখিল করা নথিপত্রে গরমিল পাওয়া গেছে। বর্তমানে তাদের প্রকৃত পরিচয়, নাগরিকত্ব ও কাগজপত্র খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। জালিয়াতি বা কোনো অনিয়মের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :