logo
Advertisement

নড়াইলে দেশীয় অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইলে দেশীয় অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ী। ছবি: এশিয়া পোস্ট

নড়াইলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচটি খালি মদের বোতল, দেশীয় বিভিন্ন অস্ত্র, মাদক সেবনের সরঞ্জাম, মাদক বিক্রির ৫৯ হাজার ৫০০ টাকা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল পৌর এলাকার চরের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন— নড়াইল পৌরসভার বরাশুলা এলাকার সৈয়দ ওলিয়ার রহমানের ছেলে হিরো, সিমাখালি এলাকার ইউনুস শরীফের ছেলে সালমান শরীফ এবং লোহাগড়ার আতিয়ার মোল্লার ছেলে ইকবাল হোসেন মোল্লা।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চরের ঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উল্লিখিত মাদক, দেশীয় বিভিন্ন অস্ত্র, মাদক সেবনের সরঞ্জাম, নগদ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এশিয়া পোস্টকে বলেন, অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫৯ হাজার ৫০০ টাকা, একটি প্রাইভেটকার, দেশীয় বিভিন্ন অস্ত্র, মাদক সেবনের সরঞ্জাম ও খালি মদের পাঁচটি বোতল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের সময় আটক ব্যক্তিরা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করলেও পুলিশের একাধিক দল চারদিক থেকে ঘেরাও করে তাদের আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানের সময় নড়াইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।