logo

রান্নাঘরে কাজ করছিলেন মা, গলা কেটে হত্যা করল ছেলে

রান্নাঘরে কাজ করছিলেন মা, গলা কেটে হত্যা করল ছেলে
ছবি: এশিয়া পোস্ট

‎পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে সূর্য বানু (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আহমেদকে (৩৫) আটক করেছে পুলিশ।

‎মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সূর্য বানু ওই গ্রামের লুকমানের স্ত্রী।

‎

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মা সূর্যবানু রান্নাঘরে কাজ করছিলেন। এরপর ছেলে নেশার টাকা চায়, না দেওয়ায় রান্নাঘরে রাখা কাস্তি দিয়ে মায়ের গলা কেটে হত্যা করেন আহমেদ। এরপর তিনি পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে আটক করে। এর আগেও নেশার টাকার জন্য মাকে একাধিকবার মারধর করেছে বলে জানা গেছে।

‎ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।