যুগ্মসচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে তদবির করার অভিযোগে মনোয়ার হোসেন বাবু (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।
মনোয়ার হোসেন বাবু নীলফামারী সদর উপজেলার বাবুপাড়া এলাকার আব্দুর নুরের ছেলে।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার যুবক দীর্ঘদিন ধরে আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের বদলি, পদোন্নতিসহ বিভিন্ন তদবির করে প্রতারণা করে আসছিলেন। গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে নীলফামারী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, গ্রেপ্তার যুবক আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা ও বিভিন্ন সরকারি দপ্তরে তদবির করে আসছিলেন।
তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়েরের পর আজ সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মতলুবর রহমান।
.png)






