নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, আহত ১০

ভোলা থেকে চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা ৫ যাত্রীকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও বাকিরা স্থানীয়ভাবে ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকার ৯টার দিকে ভোলার বোরহানউদ্দিন কেরামতগঞ্জ বাজার এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকালের দিকে চরফ্যাশন থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা করে সোহাগ পরিবহন নামক বাসটি। বোরহানউদ্দিনের কেরামতগঞ্জ বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইট দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। ওই সময় স্থানীয়রা ছুটে এসে যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস মিলে যাত্রীদের উদ্ধার করে। এর মধ্যে ৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পরেশ পাল জানান, যাত্রী ও এক চারকসহ ৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে যান। দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারে কাজ চলছে।