গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

গাইবান্ধায় চাঁদাবাজি মামলায় সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মামলার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাহাপাড়া ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে এবং সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ এপ্রিল সদর উপজেলার তুলসীঘাট বাফার সার গোডাউনের লোড আনলোডের প্রতিনিধি নুর মোহাম্মদ লোড আনলোড করার সময় সময় তার কাছে বিএনপি নেতা সাজ্জাদসহ কয়েকজন দেশীয় অস্ত্রের মুখে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে চাঁদাবাজির অভিযোগে সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ সাত জনের নাম উল্লেখ এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে গাইবান্ধা সদর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন মামলার বাদি নুর মোহাম্মদ প্রিন্স। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সাজ্জাদ। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার দুপুরে তিনি নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপি নেতা কারাগারে এ সম্পর্কে জানতে চাইলে গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু এশিয়া পোস্টকে বলেন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ চাঁদাবাজির মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। কিছুদিন আগে তার জামিনের মেয়াদ শেষ হয়েছিল। আজ আবারও জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর আমলি আদালতের কোর্ট জিআরও গোবিন্দ চন্দ্র দাস এশিয়া পোস্টকে বলেন, চাঁদাবাজির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


