logo

ভোটগ্রহণে কোনো অনিয়ম হচ্ছে না: জামায়াত প্রার্থী দেলাওয়ার

ভোটগ্রহণে কোনো অনিয়ম হচ্ছে না: জামায়াত প্রার্থী দেলাওয়ার
ভোটকেন্দ্রে জামায়াত ইসলামীর প্রার্থীর দেলাওয়ার হোসেন। ছবি: এশিয়া পোস্ট

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয় এই ভোটগ্রহণ। এ আসনে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। তবে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি।

বেগুনবাড়ি ইউনিয়নের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ইতিমধ্যে ভোট প্রদান করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি বলেন, ভোটের পরিবেশ সুন্দর। ভোটগ্রহণে কোনো অনিয়ম হচ্ছে না। আমি আশাবাদী বিজয়ী হব।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বলেন, আমি ভোট প্রদান করেছি। কেবল ভোটগ্রহণ শুরু হলো। ভোটের পরিবেশ সুন্দর রয়েছে। আমি আশাবাদী বিপুল ভোটে জয়যুক্ত হব।

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে আসা আসমা বেগম বলেন, ভোট দিলাম। শান্তিপূর্ণভাবে ভোট চলছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি আনন্দিত।

আবুল হোসেন নামে এক ভোটার বলেন, জেলার উন্নয়নের জন্য ভোট দিলাম পছন্দের প্রার্থীকে। ভোটের পরিবেশ অনেক ভালো। কোনো অনিয়ম হচ্ছে না।

ভোটার নাবিল হোসেন বলেন, জাতীয় নির্বাচনে এবারসহ ২ বার ভোট দেওয়ার সুযোগ পেলাম। ভোটের পরিবেশ বেশ সুন্দর। ভোটার একটু কম তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে; যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন, বিএনপির মির্জা ফয়সল আমিন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমিন ও জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী।