logo

‘ঘুমের ব্যাঘাত ঘটায়’ বাউলগানের আসরে হামলা-ভাঙচুর

‘ঘুমের ব্যাঘাত ঘটায়’ বাউলগানের আসরে হামলা-ভাঙচুর

সিলেটের বিশ্বনাথ উপজেলায় হামলা চালিয়ে একটি বাউলগানের আসর পণ্ড করার ঘটনা ঘটেছে। এ সময় মঞ্চে উঠে বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেমে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (২৩ মার্চ) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।

এর আগে, গত রোববার (২২ মার্চ) রাতে উপজেলার শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক স্লোগান দিতে দিতে গানের আসরে প্রবেশ করেন। তাদের কয়েকজনের হাতে লাঠিসোঁটা ছিল। তারা মঞ্চে উঠে বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেমে ভাঙচুর চালান। আকস্মিক এ ঘটনায় ভয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে পালিয়ে যান আয়োজক ও দর্শনার্থীরা। এতে আসরটি পণ্ড হয়ে যায়।

আয়োজকদের দাবি, ইব্রাহিম শাহ মাজারকে ঘিরে প্রায় ১০০ বছর ধরে নির্দিষ্ট সময়ে বাউলগানের আসর অনুষ্ঠিত হয়ে আসছে। এতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও দর্শনার্থীরা অংশ নেন। এবারের আয়োজনও ছিল তিন দিনব্যাপী। দ্বিতীয় দিন রাতে হামলার ঘটনা ঘটে।

মাজারের খাদেম দুদু মিয়া বলেন, ‘এত বছর ধরে অনুষ্ঠান হচ্ছে, কখনো কোনো আপত্তি ওঠেনি। কিন্তু রোববার রাতে হঠাৎ এক ব্যক্তি তার লোকজন নিয়ে এসে হামলা চালান। আগে কোনো অভিযোগও জানানো হয়নি।’

তবে পুলিশের ভাষ্য ভিন্ন। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এশিয়া পোস্টকে বলেন, ‘ঘটনাটি মাজারের মূল ভেন্যুর ভেতরে নয়, পাশের একটি অস্থায়ী মঞ্চে হয়েছিল। রাতে উচ্চশব্দে গান বাজানোর কারণে স্থানীয় বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত হচ্ছিল। এ নিয়ে বিরোধের জেরে গান বন্ধ করে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সময়ে মাজারের মূল আয়োজন নির্ধারিতভাবেই সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’