মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালত থেকে জামিন পাওয়ার দুদিন পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।
শনিবার (১৪ মার্চ) বেলা ২টা ৩৫ মিনিটের দিকে তিনি মুক্তি পেয়ে কারাগার থেকে বের হন।
আনিস আলমগীরকে মুক্তি দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার মো. আল মামুন।
তিনি জানান, গত শুক্রবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তার স্ত্রীসহ স্বজনরা কারাগারে উপস্থিত ছিলেন।
গত ১১ মার্চ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি নিয়ে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২৫ জানুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। আজ তিনি এই মামলায় জামিন পেলেন।