logo

নিষেধাজ্ঞা কাটতেই সাজেকে ৫ শতাধিক পর্যটক

নিষেধাজ্ঞা কাটতেই সাজেকে ৫ শতাধিক পর্যটক
পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। ছবি : এশিয়া পোস্ট

চার দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেক ভ্যালিতে ফিরতে শুরু করেছেন পর্যটকেরা। এতে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে পর্যটনকেন্দ্রটিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) প্রথম দিনেই ৫০০ জনের বেশি পর্যটক সাজেক ভ্রমণ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে স্বস্তি ফিরেছে রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁর ব্যবসায়ীদের মধ্যে।

সাজেক জিপগাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফাত বলেন, শুক্রবার সকালে খাগড়াছড়ি থেকে প্রায় ৫০ থেকে ৫৫টি জিপ, মাহিন্দ্র ও মোটরসাইকেল সাজেকে এসেছে। এসব যানবাহনে ৫০০ জনের বেশি পর্যটক এসেছেন। বিকেলের বহরেও আরও পর্যটক আসবেন বলে আশা করছেন তিনি।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, দীর্ঘদিন পর্যটক না আসায় পাহাড়ের এই পর্যটন খাত বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। পূজার ছুটিতে পর্যাপ্ত পর্যটক এলে গত কয়েক দিনের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে। পূজার ছুটিকে কেন্দ্র করে ইতিমধ্যে সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং শুরু হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের গত ১১ অক্টোবর জারি করা নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।