একটি রাজনৈতিক দল পোস্টাল ব্যালট দখল করতে চাচ্ছে : তারেক রহমান

একটি রাজনৈতিক দল পোস্টাল ব্যালট দখল করতে চাচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, আরেকটি রাজনৈতিক দল জনগণকে দেখাতে চায় তাদের অতীত, কিন্তু তাদের অবস্থান আমরা ১৯৭১ সালেই দেখেছি, তখন দেশের বিরুদ্ধে তাদের ভূমিকা স্পষ্ট ছিল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ। তাই এই দেশ কীভাবে পরিচালিত হবে, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র জনগণের। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণকে সে সিদ্ধান্ত নিতে হবে।
জনসভায় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমি দেশ গড়তে নানা পরিকল্পনা করেছি। এরমধ্যে প্রবাসগমন ইচ্ছুকদের জন্য সারাদেশে ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে। তরুণদের দক্ষ করে বিদেশে পাঠানোর মাধ্যমে রেমিট্যান্স বৃদ্ধি ও বেকারত্ব কমানোর পরিকল্পনা নিয়েছি। এ ছাড়া এই অঞ্চলের চা-শ্রমিক ও গ্রামীণ নারীদের জন্যও পরিকল্পনা আছে আমার।
এর আগে, সিলেট ও মৌলভীবাজারের সভা শেষে তারেক রহমান বিকেল ৫টা ৩৪ মিনিটে হবিগঞ্জের সভা মঞ্চে ওঠেন। বক্তব্য শেষে তিনি সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে সভামঞ্চ ত্যাগ করেন।
বক্তৃতা শেষে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।