তেঁতুলিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সাপের কামড়ে হিমেল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিমেল বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত গ্রামের তমিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জোহরের নামাজ শেষে বাড়ির পাশে বাঁধা গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন হিমেল। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত এসে তাকে উদ্ধার করেন।
পরে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
