logo

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবু

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবু
উদবাতুল বারী আবু। ছবি: সংগৃহীত

নবগঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শুক্রবার (১২ জুন) এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন উদবাতুল বারী।

উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি গ্রেড-২ পদমর্যাদায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন।

এর আগে চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হয়। ২১ মে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়।

নিয়োগের প্রতিক্রিয়ায় উদবাতুল বারী আবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন। আমি কুমিল্লার উন্নয়নে দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।