সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সিলেট হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ মাস বয়সী শিশুটি। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে চলতি মাসের ১৫ দিনে চার শিশুর মৃত্যু হলো।
ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. কামরুজ্জামান জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক শিশুর। হাম ছাড়াও শিশুটি হার্ড ফেইলিউরসহ অন্যান্য রোগে আক্রান্ত ছিল। হাম মোকাবিলায় তাদের সকল প্রস্তুতি রয়েছে।
এদিকে, ল্যাবরেটরি পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ল্যাবরেটরি পরীক্ষায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৪৫ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে এ রোগের উপসর্গ নিয়ে মোট ১০৭ জন রাগী চিকিৎসা নিচ্ছেন।
এদের মধ্যে ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন।
এর আগে গত ১০ এপ্রিল, ৮ ও ৬ এপ্রিল আরও তিন শিশু মারা যায়। তাদের সবার বয়সী ছিল দুই বছরের কম।