জব্দ করা ৪২ মণ জাটকা মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ

ঝালকাঠির নলছিটি উপজেলায় ৪২ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। পটুয়াখালী থেকে ঢাকায় পাচারের সময় এসব জাটকা জব্দ করা হয়।
বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজবী আহমেদ সবুজ।
কোস্টগার্ড সূত্র জানায়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে বহন করা জাটকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাড়ির চালক, সুপারভাইজার ও হেলপারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ৪২ মণ জাটকা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে প্রশাসন।