নাটোরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নাটোরের বড়াইগ্রামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন নাটোর শহরের তেবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি তাবাসসুম পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় দুই বাসের অন্তত ১৫ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।