খুলনায় কারাগারের দেয়াল টপকে পালালেন হাজতি

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
খুলনায় কারাগারের দেয়াল টপকে পালালেন হাজতি
কারাগার থেকে পালানো হাজতি ইমন মাঝি। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

খুলনার পুরাতন জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছেন ইমন মাঝি নামে এক হাজতি।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ওই হাজতি মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার একটি চুরি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৩ জুন থেকে কারাগারে ছিলেন।

পালিয়ে যাওয়া ইমন মাঝি খুলনা মহানগরের লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা মোড় এলাকার জিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মাঝির ছেলে।

খুলনা জেলা কারাগারের সুপার মো. আবু ছায়েম জানান, ইমন মাঝিকে গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশ, র‍্যাবসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

কারাগার কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে পুরাতন জেলা কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে আইনজীবী সমিতির দিক দিয়ে পালিয়ে যান ইমন মাঝি। পুরো ঘটনাটি কারাগারের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।

কারা সুপার মো. আবু ছায়েম বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কোনো ধরনের বাহ্যিক সহযোগিতা ছাড়াই ইমন মাঝি লাফিয়ে দেয়াল টপকে পালিয়ে যান। তাকে দ্রুত গ্রেপ্তারে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কীভাবে একজন হাজতি কারাগারের দেয়াল টপকে পালাতে সক্ষম হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

বিষয় :খুলনা