আশুলিয়া থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনার সাঁথিয়া থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক এক আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৮ জুলাই) রাতে আশুলিয়া থানার চারিগ্রাম উত্তরপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মো. রিপন শেখ (৪৫)। তিনি পাবনার আমিনপুর থানার হরিদেবপুর গ্রামের মৃত কহেল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, সাঁথিয়া থানার একটি মাদক মামলায় আদালত রিপন শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ও আত্মগোপনে ছিলেন।
র্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান এবং র্যাব-৪, নবীনগর ক্যাম্পের মেজর শেখ আরমান হোসাইন হৃদয়ের যৌথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রিপন শেখকে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব।
.png)





