logo

কিশোরগঞ্জে মোনাজাতের মাধ্যমে ভোট প্রদান শুরু

কিশোরগঞ্জে মোনাজাতের মাধ্যমে ভোট প্রদান শুরু

মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মোনাজাতের মাধ্যমে ভোট প্রদান শুরু করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ভোটাররা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর আগে উপজেলার সৈয়দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আফসার উদ্দিন ভোটারদের নিয়ে মোনাজাতের মাধ্যমে ভোট কার্যক্রমের সূচনা করেন। 

তিনি বলেন, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারব, এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যে দলই ক্ষমতায় আসুক, দেশ ও জাতি যেন শান্তি-শৃঙ্খলার পথে পরিচালিত হয়, সেই দোয়া করা হয়েছে।

 

পাঁচ স্তরের নিরাপত্তা বেষ্টনীতে কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৯১৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে ২০ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৭৩ জন সেনাসদস্য, ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, ১২ হাজার আনসার এবং র‍্যাব সদস্যরা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৩টি উপজেলা নিয়ে গঠিত ৬টি আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪০ জন বিভিন্ন রাজনৈতিক দলের এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী। 

জেলায় মোট ভোটার ২৭ লাখ ২৭ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯৪ হাজারের বেশি, নারী ১৩ লাখ ৩২ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৮ জন। ভোটগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে ৫ হাজার ১০৫টি ভোটকক্ষ।

কেন্দ্রগুলোর ঝুঁকি বিশ্লেষণে ৩৭৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ২৩৮টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ৩০১টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।