বাড়ির উঠানের পানির স্রোতে ভেসে গেল ১২ বছরের শিশু

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক (১২) ওই গ্রামের মেহের আলীর বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যার পানি মেহের আলীর বাড়ির উঠানের ওপর দিয়ে তীব্র বেগে প্রবাহিত হচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে অসাবধানতাবশত ঘরের বাইরে এলে উঠানের সেই পানির স্রোতের তোড়ে ভেসে যায় আশিক। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করতে সক্ষম হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে মাতম।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এশিয়া পোস্টকে বলেন, বাহারছড়া ইউনিয়নে বন্যার পানিতে ভেসে গিয়ে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলাকায় নেটওয়ার্ক ও মোবাইল যোগাযোগব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত তথ্য নিশ্চিত করা কঠিন হচ্ছে। বন্যাকবলিত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে উদ্ধার তৎপরতা ও তথ্য সংগ্রহের কাজ ব্যাহত হচ্ছে।





