সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্স চুরি

সিলেটে প্রাইভেটকারে করে এসে একটি মাদ্রাসার দানবাক্স চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে নগরের ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার গেটের সামনে এই ঘটনা ঘটে।
চুরির একটি সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, রাত ৩টা ৪৬ মিনিটে একটি সাদা প্রাইভেটকার এসে মাদ্রাসার গেটের সামনে সামনে দাঁড়ায়। কিছুক্ষণ পর এক যুবক গাড়ি থেকে বের হন। আরও এক যুবক বের হয়ে দুজন মিলে দানবাক্সের তালা ড্রিল মেশিন কাটেন।
তালা খুলে টাকা নিয়ে গাড়িতে ওঠেন। তখন একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে যাচ্ছিল। আবার একজন নেমে দানবাক্সের বাকি টাকা নিয়ে গাড়িতে ওঠে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।
স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাতে একই কায়দায় কয়েকটি মসজিদ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
