logo

সাতসকালে সড়কে ঝরল ৫ প্রাণ

সাতসকালে সড়কে ঝরল ৫ প্রাণ

নওগাঁর মহাদেবপুরে বালুবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানে থাকা আরেক শ্রমিক অলৌকিকভাবে বেঁচে গেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাটি শিবপুর ব্র্যাক অফিস সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। তারা হলেন— বীরেন পাহান (৩৫), উজ্জল পাহান (৩৮), বিপুল পাহান (২৫) ও সঞ্জু উরাও (৪৫)। নিহত সবার বাড়ি মহাদেবপুর উপজেলার নূরপুর গ্রামে। দুর্ঘটনায় গুরুতর আহত বিপ্লব পাহানকে (২২) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলেও পথিমধ্যে তার মৃত্যু হয়। বর্তমানে পাঁচজনের মরদেহ মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এই ঘটনায় অটোভ্যানে থাকা শ্রী শ্যামন্ত (২৮) নামে একজন অলৌকিকভাবে বেঁচে গেছেন এবং সুস্থ আছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরবেলা নিজ বাড়ি থেকে অটোভ্যানযোগে কাঁচা হলুদ বিক্রির উদ্দেশ্যে মহাদেবপুর বাজারের দিকে যাচ্ছিলেন একদল শ্রমিক। পথিমধ্যে পাটকাটি শিবপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ১০ চাকা বিশিষ্ট দ্রুতগামী বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস এশিয়া পোস্টকে জানান, ভোর ৫টার দিকে তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। ঘাতক ট্রাকটি খাদে পড়ে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।