Advertisement

চুরির অপবাদে মারধরের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
চুরির অপবাদে মারধরের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
গ্রেপ্তার দুই আসামি। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মোবাইল চুরির অপবাদে নাতিকে বেঁধে মারধরের সময় বাঁচাতে গিয়ে মো. নবী হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার ভোররাতে জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. কামাল (৪৫) ও মো. ইমন (২২)। তারা ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানার হাটপাড়া গ্রামের দুলালের ছেলে রাবিনের একটি মোবাইল চুরি হয়। চুরির সন্দেহে একই গ্রামের শারফুলের ছেলে রানাকে (২০) অভিযুক্ত করা হয়। এর জের ধরে গত ২৬ জুলাই রাতে রানাকে বাড়ি থেকে ধরে উপজেলার উস্থি ইউনিয়নের আটপাড়া গ্রামের বাদল মার্কেট এলাকায় নিয়ে সালিশ বৈঠক বসানো হয়।

সালিশ চলাকালে একপর্যায়ে রানাকে একটি খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয়। নাতির চিৎকার শুনে বৃদ্ধ দাদা নবী হোসেন তাকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় সালিশে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ নবী হোসেনকে নাতির চুরির সঙ্গী আখ্যা দিয়ে তার বুকে ও শরীরে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকেন। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্বজনেরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ নবী হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে মো. হাইদুল ইসলাম বাদী হয়ে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি কামাল ও ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় :ময়মনসিংহ