পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঞ্চম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে কেক কাটা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।