বুটেক্সে কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার স্লোগান নিয়ে যাত্রা শুরু করা নতুন ধারার সংবাদমাধ্যম এশিয়া পোস্টের আনুষ্ঠানিক পথচলা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বুটেক্সসাস)।
সোমবার (১১ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশে কেক কেটে নতুন এই সংবাদমাধ্যমটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
এশিয়া পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বুটেক্সসাসের সদস্যরা উপস্থিত হয়ে নতুন এই যাত্রার প্রতি সংহতি প্রকাশ করেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও আধুনিক গণমাধ্যমের অঙ্গীকার নিয়ে এশিয়া পোস্টের এই পথচলা দেশের সংবাদ অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে। তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দ্রুতই সাধারণ মানুষের আস্থার জায়গায় পৌঁছাতে সক্ষম হবে।
সংবাদমাধ্যমটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বুটেক্সসাসের সভাপতি আল জাবের রাফি বলেন, বর্তমান সময়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়া পোস্ট তথ্যের সত্যতা যাচাই, জনস্বার্থকে প্রাধান্য এবং নৈতিক সাংবাদিকতার চর্চার মাধ্যমে একটি গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। একইসাথে মিডিয়া যেন কোনো গোষ্ঠীস্বার্থ বা করপোরেট বলয়ের হাতিয়ার না হয়ে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে।
বুটেক্সসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ বলেন, এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে শুভকামনা রইল। গণমাধ্যমটি যেন জনমানুষের কথা বলে ও সত্যকে সাহসের সাথে তুলে ধরে জনগণের প্রকৃত দর্পণ হয়ে উঠতে পারে।
সোমবার (১১ মে) রাজধানীর পুরানা পল্টনের বেঙ্গল সেন্টারে অবস্থিত প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।