রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদনের সুযোগ

একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সুযোগ শেষ হচ্ছে আজ শুরু সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায়। গতকাল এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। এই ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়।
যারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে।
এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চয়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি, এমন শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন।
ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও যারা কলেজে ভর্তি হতে পারেনি, তারাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে।
দ্বিতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনা করে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে।
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চয়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে ওই শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
