গবেষণা ও উদ্ভাবনে অংশীদারত্বে ইউল্যাব-হুয়াওয়ের মতবিনিময়

গবেষণা ও উদ্ভাবনে অংশীদারত্ব বৃদ্ধির লক্ষ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশের প্রতিনিধিদলের এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত সভায় প্রযুক্তি, উদ্ভাবন, গবেষণা, শিল্প-শিক্ষা সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে উভয় প্রতিষ্ঠানের সম্ভাব্য অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় হুয়াওয়ে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হুয়াওয়ে সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মা বেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকার কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুয়েই। ইউল্যাবের পক্ষে সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, পিএইচডি, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়া, পিএইচডি, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় শিক্ষা, গবেষণা ও নতুন প্রযুক্তির উদ্ভাবনে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
এ সময় হুয়াওয়ে প্রতিনিধিদলকে ইউল্যাবের নবপ্রতিষ্ঠিত ‘ফিউচার অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস ল্যাবরেটরি’ সম্পর্কে অবহিত করা হয়। শিল্প, শিক্ষা ও সমাজের উপযোগী একটি উন্মুক্ত উদ্ভাবনী প্ল্যাটফর্ম হিসেবে ল্যাবটির ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হলে তারা এ বিষয়ে গভীর আগ্রহ দেখান। পাশাপাশি গবেষণা ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন ক্ষেত্রে আগামীতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
.png)





