logo

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ/সারা দেশের ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল

সারা দেশের ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়রে লোগো। ছবি ওয়েবসাইট থেকে নেওয়া

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর সারা দেশের ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি/এডহক কমিটি বাতিল করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয়।

এর আগে ‘হাইকোর্ট অমান্য করে এমপিরা হলেন সভাপতি’ ও ‘মাদ্রাসায় এখনও সভাপতি এমপিরা, নির্বিকার আরবি বিশ্ববিদ্যালয়’ শিরোনামে দুইটি সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট। এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরপরই সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিলের সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়- ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে এডহক কমিটি গঠনের লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩ (খ) এর ধারা (১) খ (১), (৩) মোতাবেক সভাপতি হিসেবে জেলা সদরে অবস্থিত মাদরাসায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা সদরের বাইরে অবস্থিত মাদরাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দায়িত্ব পালন করবেন।

মাদরাসাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে এডহক কমিটি অনুমোদনের প্রস্তাব প্রেরণ করতে বলা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়- গত ১৫ অক্টোবর তারিখে অনুষ্ঠিত ৪৩ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ফাজিল ও কামিল মাদরাসাসমূহের গভর্নিং বডি/এডহক কমিটি বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

অথচ সিন্ডিকেট অনুষ্ঠানের পর গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবু জাফর খান এশিয়া পোস্টকে বলেন, ‘একটি বিশেষ সিন্ডিকেট করে সারা দেশের ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি পরিবর্তনের উদ্যোগ নিয়েছি। কবে নাগাদ বিশেষ সিন্ডিকেট করে কমিটি পরিবর্তন করা হবে, সে ব্যাপারে কোনো সদুত্তর দেননি তিনি।’ উপাচার্যের এই বক্তব্য উদ্ধৃত করে ফের প্রতিবেদন করে এশিয়া পোস্ট।