শিক্ষকদের শুধু ডিগ্রি নয়, নৈতিকতা ও দায়িত্ববোধ থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষকদের শুধু উচ্চতর ডিগ্রি, গবেষণা ও একাডেমিক দক্ষতা থাকলেই হবে না, তাদের দায়িত্ববোধ, নৈতিকতা, সততা, মূল্যবোধ ও ন্যায়বোধ সমুন্নত থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউজিসি। এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে ১০ দিনব্যাপী ‘মাস্টার ট্রেইনার’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষককে শিক্ষার্থী ও সমাজের মানুষ একজন আদর্শ ব্যক্তি হিসেবে অনুসরণ করেন। ফলে একজন শিক্ষকের আচরণ, মূল্যবোধ ও দায়িত্বশীলতা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ জীবন গঠনে গভীর প্রভাব ফেলে।
সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া একটি ঘটনার প্রসঙ্গ তুলে অধ্যাপক মামুন আহমেদ বলেন, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। শিক্ষার্থীরা কেন এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়ছে এবং কীভাবে তাদের আরও দায়িত্বশীল করে তোলা যায়, তা নিয়ে ভাবতে হবে।
শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তুলতে শুধু পাঠ্যক্রমে বিষয় যুক্ত করাই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশও সেভাবে গড়ে তুলতে হবে।
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়ে মামুন আহমেদ বলেন, এ জন্য মাস্টার ট্রেইনার তৈরি করা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন এবং ইউজিসির বিভিন্ন কর্মসূচির ‘অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করবেন।
পিএইচডি ফেলোশিপের বিষয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে প্রতিবছর অন্তত ৫০০ জনকে পিএইচডি ফেলোশিপ দেওয়ার পরিকল্পনা করছে ইউজিসি। এ বছর গত বছরের তুলনায় ফেলোশিপের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। তবে আবেদনকারীর সংখ্যা বেশি হলেও কাঙ্ক্ষিত মানের প্রার্থী পাওয়া যাচ্ছে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, হিট প্রকল্পের কনসালট্যান্ট অধ্যাপক ড. মোহাম্মাদ মনিনুর রশিদ ও অধ্যাপক ড. মো. আবদুস সালাম প্রমুখ।
