logo
Advertisement

এবার জিএসটি ভর্তি পরীক্ষার দায়িত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
এবার জিএসটি ভর্তি পরীক্ষার দায়িত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটক। ছবি: বাংলা ট্রিবিউন

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর (জিএসটি) আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার এবারের নেতৃত্বে থাকবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভর্তি পরীক্ষা আয়োজনসহ গুচ্ছ ভর্তি কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এখনো ভর্তি পরীক্ষার কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার তারিখ, আবেদনপ্রক্রিয়া, পরীক্ষার কেন্দ্র ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় আগামী সভায় চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এগুলো হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

আসন্ন শিক্ষাবর্ষের জিএসটি ভর্তি পরীক্ষায় পাঠদানের অনুমতি পাওয়া নতুন আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে বলে জানা গেছে।