১১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঠদান বন্ধ চেয়ে নোটিশ, তালিকা দেখুন

টানা পাঁচ বছর শিক্ষার্থী ভর্তি না করায় দেশের ১১২টি এইচএসসি (বিএমটি) শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কেন তাদের ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের যেসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সেসব প্রতিষ্ঠানকে আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ হতে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে তার যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
কারিগরি শিক্ষা বোর্ড বলেছে, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২০-এর বিধি ৫.৪ অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি এবং পাঠদানের অনুমতি প্রদানের সময় আরোপিত অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ওই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল করতে পারে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় বোর্ড।




