আগামী জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুন মাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
সংসদ সদস্য লুৎফুর রহমান জানতে চান, আগামী শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের সময় বর্তমান সময় পরিবর্তন করা হবে কি না। যদি পরিবর্তন হয় তাহলে কখন হবে?
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে পাবলিক পরীক্ষাগুলোর সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু ও পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা এবং শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় হ্রাস করা সম্ভব হবে।
এ সময় সরকার পর্যায়ক্রমে ভবিষ্যতে পাবলিক পরীক্ষা আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে বলে জানান আ ন ম এহছানুল হক মিলন।
বন্যা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সংসদে প্রশ্নের জবাবে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তারা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাবে, এটি আমাদের প্রত্যাশা। বন্যা বৃষ্টিতে পরীক্ষা দিতে না পারলে প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়া হবে।
প্রশাসনের ভুল সিদ্ধান্তে কোনও শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে তা পুষিয়ে দেওয়া হবে জানিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের পূর্ণ নম্বর পাবে শিক্ষার্থীরা।
এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।




