Advertisement

গবেষণা প্রস্তাব মূল্যায়নে বড় পরিবর্তন আনছে ইউজিসি

এশিয়া পোস্ট প্রতিবেদক
গবেষণা প্রস্তাব মূল্যায়নে বড় পরিবর্তন আনছে ইউজিসি
অধ্যাপক ড. মামুন আহমেদ। ছবি: সংগৃহীত

গবেষণা প্রকল্পের প্রস্তাব মূল্যায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে বড় ধরনের পরিবর্তন আনছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের দ্বিতীয় পর্বের গবেষণা উপ-প্রকল্প নির্বাচন প্রক্রিয়ায় প্রস্তাব তৈরি, জমাদান ও মূল্যায়নের প্রতিটি ধাপে এই প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

Advertisement

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বাংলাদেশ বিজ্ঞান একাডেমিতে হিট প্রকল্পের আওতায় আয়োজিত ‘উপ-প্রকল্প মূল্যায়ন পরিচিতি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব তথ্য জানান।

নতুন ব্যবস্থার আওতায় গবেষণা অর্থায়নের জন্য জমা দেওয়া প্রস্তাবগুলোতে আবেদনকারী গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচয় গোপন রেখে বিশেষ কোডের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। মূল্যায়নের সময় যাতে গবেষক বা প্রতিষ্ঠানের পরিচয় কোনোভাবেই প্রকাশ না পায়, সে বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য রিভিউয়ারদের একটি প্যানেল থেকে লটারির মাধ্যমে চূড়ান্ত রিভিউয়ার নির্বাচন করা হয়েছে। এর ফলে ব্যক্তিগত পরিচয়, প্রাতিষ্ঠানিক প্রভাব কিংবা কোনো ধরনের তদবিরের সুযোগ থাকবে না বলে মনে করছে ইউজিসি।

ইউজিসি চেয়ারম্যান বলেন, হিট প্রকল্পের প্রথম ধাপে উপ-প্রকল্প নির্বাচনকে কেন্দ্র করে পরবর্তী সময়ে কিছু নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। যদিও ওই ধারণার সঙ্গে বাস্তবতার যথেষ্ট পার্থক্য রয়েছে, তবু গবেষক ও শিক্ষক সমাজে উপ-প্রকল্প নির্বাচন নিয়ে কোনো ধরনের নেতিবাচক ধারণা তৈরি হোক—ইউজিসি তা চায় না। এ কারণেই দ্বিতীয় ধাপের মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, আমরা প্রকৃত গবেষকদের খুঁজে বের করতে চাই। প্রকল্প নির্বাচনে ব্যক্তিগত পরিচয় নয়, গবেষণার গুণগত মান, নতুনত্ব এবং সম্ভাব্য প্রভাবই হবে মূল বিবেচ্য। আমরা মূল্যায়ন প্রক্রিয়াকে যতটা সম্ভব বাহ্যিক প্রভাব, ব্যক্তিগত যোগাযোগ ও পক্ষপাত থেকে মুক্ত রাখতে চাই।

কর্মশালায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী এবং হিট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আসাদুজ্জামানসহ ইউজিসি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।