logo

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না : শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না : শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে, তাদের নিয়েই কমিটি করার চিন্তাভাবনা চলছে। এরই মধ্যে অর্ধশিক্ষিত লোকজন দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে, তা অসম্পূর্ণ ও বিকৃত।

তিনি বলেন, ‘সারা দেশের আগে কচুয়াকে শিক্ষার রোল মডেল করতে চাই। এখান থেকেই সারা দেশে তা ছড়িয়ে দেওয়া হবে। কারণ আগে নিজের ঘর ঠিক করতে হবে। শিক্ষার মানোন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে।’ 

এ সময় পুরোনো পদ্ধতিতে এসএসসি পরীক্ষা নয়, নতুন ও যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া সাংবাদিকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা প্রকৃত সত্য তুলে ধরুন। কোনো বক্তব্য খণ্ডিতভাবে নয়।

এহসানুল হক মিলন বলেন, আগামী দিনে পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর এবং যারা পর্যবেক্ষক হবেন, তাদের একটা নিয়মের মধ্যে নিয়ে আনা হবে।