logo
Advertisement

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সূচি প্রকাশ, ফি ৪০০ টাকা

এশিয়া পোস্ট প্রতিবেদক
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সূচি প্রকাশ, ফি ৪০০ টাকা
ছবি: সংগৃহীত

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি এবং নির্দেশনাবলি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

Advertisement

সোমবার (২৪ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ (eFF) করা যাবে।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩১ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন ও ফরম পূরণ সম্পন্ন করবে।

প্রতি পরীক্ষার্থীর জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা। কেন্দ্র নির্ধারণের পর সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে এই ফি প্রদান করতে হবে।

সোনালী ব্যাংকের মাধ্যমে পে-স্লিপ প্রিন্ট করে আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে টাকা জমা দিতে হবে।

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা মোট পাঁচটি বিষয়ে ৪০০ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো—বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়।

পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী থাকলে প্রতিষ্ঠানপ্রধানকে পরীক্ষার্থীদের সংখ্যা উল্লেখ করে একটি তালিকা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে হাতে হাতে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।